সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশজুড়ে দোয়া-প্রার্থনা

Date: 2025-11-29
news-banner

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের বরাতে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে তিনি জ্ঞান রাখছেন এবং নেতাকর্মীদের চিনতে পারছেন। প্রয়োজন আরও উন্নত চিকিৎসা।

দেশজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল চলছে, সামাজিক মাধ্যমেও অনেকেই তার দীর্ঘ ও আপোষহীন রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে সুস্থতা কামনা করছেন।

এমন সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস নিয়মিত খোঁজ রাখছেন এবং সব ধরনের চিকিৎসা-সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) মাঝরাতে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখেন। ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা উল্লেখ করেছেন, “তার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমান সিসিইউতে খোঁজ নেন। মির্জা আব্বাস বলেন, “এই মুহূর্তে আমি মনে করছি, তিনি স্থিতিশীল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন। আমাদেরকে চিনতে পেরেছেন এবং উত্তর দিয়েছেন।”

ড. আব্দুল মঈন খান জানান, চিকিৎসকরা শারীরিক অবস্থার পর্যালোচনা করেছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সিসিইউতে চিকিৎসা চলছে।

বিএনপি নেতা-কর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করারও আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments