টঙ্গীতে পোশাক কারখানায় আতঙ্ক: অসুস্থ শতাধিক শ্রমিক, দুই দিনের ছুটি ঘোষণা

Date: 2025-11-30
news-banner

গাজীপুরের টঙ্গীতে হামীম গ্রুপের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড (সিসিএল)–এ একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ফের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১৯ জন অসুস্থ শ্রমিক চিকিৎসা নেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামীম গ্রুপের অন্তত ৫০ জন শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। গাজীপুর, টঙ্গী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও অসংখ্য শ্রমিক চিকিৎসাধীন।

হাসপাতালে আসা শ্রমিকেরা জানান, কয়েকদিন আগে একজন এবং গতকাল আরও একজন শ্রমিক হঠাৎ অজ্ঞান হয়ে মারা যান। এই খবরে কারখানায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানসিক চাপ থেকে অনেকে অজ্ঞান হয়ে পড়ছেন।

কারখানায় শ্রমিক সংকট এবং আতঙ্ক ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ দুই দিনের ছুটি ঘোষণা করেছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, “শ্রমিকেরা আতঙ্ক ও টেনশনে অসুস্থ হয়ে পড়ছেন। কর্তৃপক্ষের উচিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে কাউন্সেলিং করানো।”

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহা. হারুন অর রশিদ জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। লাশ নেওয়ার আবেদনও করা হয়নি।

হামীম গ্রুপের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “আতঙ্কে শ্রমিকেরা অসুস্থ হয়ে যাচ্ছে, তাই দুই দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।”

Leave Your Comments