গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলেও ইসরাইল প্রায় প্রতিদিনই নতুন হামলা চালাচ্ছে।
শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হন। আল-ফারাবি স্কুলের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়, এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামের দুই ভাই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তাদের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এছাড়া, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় তিনজন আহত হয়েছেন, গাজার পূর্বাঞ্চলীয় তুফফাহ এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকায় বিমান ও স্থল হামলা হয়েছে। এর আগে বানী সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।