বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২ বছর পর আবার ফিরছে নিলাম পদ্ধতিতে। দীর্ঘ কয়েক মৌসুম ধরে ড্রাফট ব্যবস্থায় দল গঠনের পর এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে নিলাম আয়োজন করা হচ্ছে।
২০২৬ মৌসুমের জন্য ১৪৭ জন দেশি ও ২৬০ জন বিদেশি খেলোয়াড় নিলামে নাম তুলেছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৫০০ জনের বেশি নিবন্ধন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ২৬০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। ১৪৭ জন দেশি খেলোয়াড়কে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, সর্বনিম্ন ১১ লাখ। বিদেশিদের জন্য পাঁচটি ক্যাটাগরি রাখা হয়েছে, যার ভিত্তিমূল্য ৫০ হাজার থেকে ১০ হাজার মার্কিন ডলারের মধ্যে।
নিলাম আজ বিকেল ৪টায় ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। নিলাম পরিচালনা করবেন আরমান রাফি নিজাম।
নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পায়। ছয়টি দল এই সুযোগ ব্যবহার করেছে। প্রতিটি দলকে ২২ জনের স্কোয়াড করতে হবে, যার মধ্যে নিলাম থেকে ১২–১৪ জন দেশি ও কমপক্ষে দুইজন বিদেশি নিতে হবে। দেশি খেলোয়াড়দের জন্য ব্যয়সীমা ৪ কোটি ৫০ লাখ টাকা, বিদেশিদের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। খেলোয়াড়দের পারিশ্রমিক তিন ধাপে পরিশোধ করা হবে।