নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজে হঠাৎ হিফজ শিক্ষার্থীর মৃত্যু

Date: 2025-11-30
news-banner

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় আকরাম হোসেন নামের ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার নূরানী হাফিজিয়া মাদরাসা হিফজ বিভাগে।


আকরাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের ছেলে। নামাজের শেষ বৈঠকে বসা অবস্থায় হঠাৎ তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। মাদরাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আকরাম পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ সম্পন্ন করেছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাদরাসার প্রধান শিক্ষক বলেন, “খুব দ্রুতই তার হিফজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সে না ফেরার দেশে চলে গেল।”


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলেই আকরামের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave Your Comments