বানারীপাড়ায় গণজাগরণ দলের পরিচিতি ও আলোচনা সভা: গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Date: 2025-11-30
news-banner

আবু জাফর বিশ্বাস,বরিশাল ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু।

এছাড়া বক্তব্য দেন বরিশাল দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন, বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নাঈম, বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave Your Comments