তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি -
শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আজ রবিবার দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র, শেরপুর পরিদর্শন করেন এবং একই সঙ্গে শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মান্যবর জেলা প্রশাসক কেন্দ্রের সার্বিক কার্যক্রম, বিশেষ করে সেবাপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান অবস্থা এবং কেন্দ্র থেকে প্রদত্ত সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি অবগত হন। সুষ্ঠু ও মানবিক সেবা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করেন। তিনি উল্লেখ করেন, শীতকালে সমাজের দুর্বলতম অংশের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির এই অংশটি শেরপুরের প্রান্তিক জনগোষ্ঠীর শীত নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মান্যবর জেলা প্রশাসক কেন্দ্রে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে সেবাপ্রত্যাশীদের সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জেলা প্রশাসনের এই পরিদর্শন ও কার্যক্রম সংশ্লিষ্ট সেবার মান বৃদ্ধি এবং অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে প্রেরণা যোগাবে।