দীর্ঘ যুদ্ধের ছায়ায় জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে গাজার পরিবারগুলো। বিশেষ করে মায়েদের জন্য সন্তানের লালন-পালন সেখানে এক অবিরাম সংগ্রাম। লেখক ও ফিলিস্তিনি মা ডায়ানা শামস সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন নিজের লেখা বই 'A Different Kind of Motherhood'-এ।
ডায়ানা শামস গাজার উত্তরাঞ্চলে স্বামী ও দুই সন্তানকে নিয়ে স্বাভাবিক, সুখের জীবন কাটাতেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের পরের দিনেই পরিবারসহ তাকে বাড়ি ছেড়ে পালাতে হয়। তিনি জানান, 'আমি আমার নবজাতক সন্তান রোজ'কে কোলে নিয়ে বেরিয়ে আসি। তখন তার বয়স মাত্র সাত মাস।'
মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'গাজায় এমনকি মাতৃত্বও লক্ষ্যবস্তু। জীবন বহন করা মানে ঝুঁকি বহন করা। সন্তান লালন-পালন মানে গোলাগুলির নিচে, বোমার বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন আর একের পর এক বাস্তুচ্যুতির মাঝেই বড় করে তোলা।' তার লেখা বইয়ের উদ্দেশ্যও একটাই—বিশ্বের মায়েদের কাছে গাজার মায়েদের যন্ত্রণা পৌঁছে দেয়া।
'বিশ্বের সব মা-ই আমাদের ব্যথা বুঝবেন, কারণ মায়েরা একই ভালোবাসা, একই স্বপ্ন ও একই শক্তি ধারণ করেন। তারা সব সময়ই চান তাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ।'
যুদ্ধ বিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা থামার কোনো লক্ষণ নেই। আর অনিশ্চয়তা যেন মায়েদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ডায়ানা শামসের ভাষায়, 'এখানে মায়েরা শুধু একটাই প্রার্থনা করেন—তাদের সন্তানরা যেন আরেকটা দিন বেঁচে থাকে।'