মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
যানজট নিরসন ও যাতায়াতে জনভোগান্তি লাঘবে পঞ্চগড় শহরে চার লেন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার শিংপাড়া এলাকায় সড়কের পাশের বিদ্যুতের খুঁটি অপসারণের মধ্য দিয়ে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
জানা যায়, জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা। সড়কে মিডিয়ান, হার্ড শোল্ডার ও আরসিসি ড্রেন নির্মাণের কাজও থাকবে প্রকল্পের আওতায়।
প্রকল্পের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী মাসুদ পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, চার লেন সড়ক নির্মাণের কাজ শেষ হলে শহরের যান চলাচলে বড় পরিবর্তন আসবে, যানজট কমবে এবং মানুষের ভোগান্তি কমবে। কয়েক মাসের মধ্যেই কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।