আবু জাফর বিশ্বাস বরিশাল ব্যুরোঃ
আগামী ২ ডিসেম্বর বরিশাল বেলসপার্ক ময়দানে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে। রবিবার বিকেলে আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল বেলসপার্ক মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতারা স্টেজ নির্মাণ, প্যান্ডেল, সাউন্ড সিস্টেম, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবস্থা পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন।
নেতৃবৃন্দ বলেন, বরিশাল বিভাগীয় এই সমাবেশ স্মরণকালের বৃহৎ লোকসমাগমে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর কর্মী-সমর্থকেরা সমাবেশ সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা ও যানজট এড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী দিনের দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা এই সমাবেশ থেকে প্রদান করা হবে।