বিশ্বের নানা প্রান্ত থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সহযোগিতা, প্রার্থনা ও শুভকামনা জানানোর জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তারেক রহমান বলেন,
“বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া— সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।”
তিনি আরও বলেন,
“দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা।”
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালের বিশেষায়িত চিকিৎসা ইউনিটে আছেন বেগম খালেদা জিয়া।
তার লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বহুবিধ শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাই-ডিপেনডেন্সি ইউনিটে (HDU) রাখা হয়েছিল।
চিকিৎসকদের পরামর্শে রোববার ভোরে এইচডিইউ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে।