টেকসই রপ্তানিখাতের জন্য দরকার পণ্যের বৈচিত্রকরণ। নতুন রপ্তানি গন্তব্য হিসেবে সম্ভাবনাময় হতে পারে আফ্রিকার দেশ জিবুতি। দেশটিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে বিনিয়োগ করা সম্ভব হলে বাংলাদেশ বাণিজ্যে নতুন মাত্রা পাবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ–জিবুতি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়েহ ইসে।
তিনি বলেন, ইতোমধ্যে জাপান, ভারত, কোরিয়া ও ইতালি জিবুতিতে উৎপাদন করছে এবং পরিবহন সুবিধা ও কম উৎপাদন ব্যয়ে তারা সুফল পাচ্ছে। বাংলাদেশও চাইলে একই সুবিধা নিতে পারে—উন্মোচন হতে পারে নতুন বাণিজ্য ও বিনিয়োগের দ্বার।
বক্তারা জানান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে জিবুতির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বের ৩০ শতাংশের বেশি জাহাজ জিবুতি হয়ে লোহিত সাগর পার হয়ে সুয়েজ খালের দিকে অগ্রসর হয়। দেশে ওষুধ, পাটজাত পণ্য, নিটওয়্যার, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে।