অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ রোধে নতুন সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সুরক্ষা অ্যাপ ‘সঞ্চার সাথী’ ইনস্টল করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। নকল মোবাইল ডিভাইস ব্যবহারের প্রবণতা ঠেকাতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
সরকারের নির্দেশ অনুযায়ী, স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে ৯০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অ্যাপটির মাধ্যমে আইএমইআই যাচাই, হারানো বা চুরি হওয়া ফোন রিপোর্ট, প্রতারণামূলক যোগাযোগ শনাক্তকরণসহ বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে। বর্তমানে ১২০ কোটির বেশি মোবাইল ব্যবহারকারী রয়েছে ভারতে—যা বিশ্বে অন্যতম বড় বাজার।
ভারতের টেলিকম বিভাগ জানায়, নকল আইএমইআই যুক্ত ডিভাইস সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে এবং চুরি হওয়া ফোন পুনর্বিক্রির ঘটনা বাড়ছে। নতুন নিয়মে ফোন সেটআপের সময় থেকেই অ্যাপটি দেখা যাবে এবং ব্যবহারকারী চাইলে এটি বন্ধও করতে পারবেন না।
সরকারি তথ্যমতে, ‘সঞ্চার সাথী’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত ৭ লাখের বেশি হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, অ্যাপটির কার্যপ্রণালী ও ডেটা সুরক্ষা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে।
এদিকে প্রযুক্তি কোম্পানিগুলো এই সিদ্ধান্ত বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে। বিশেষভাবে অ্যাপল সরকারি অ্যাপ প্রি-ইনস্টলের বিষয়টি নিয়ে অনীহা প্রকাশ করেছে বলে রিপোর্ট করেছে রয়টার্স। বিশ্বের আরও কয়েকটি দেশ যেমন রাশিয়া, একই ধরনের নীতি বাস্তবায়ন করেছে।