২০২৬ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে একেবারেই কঠোর অবস্থানে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—শতভাগ ফিট না হলে দলে সুযোগ পাবেন না কেউ। এমনকি নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র—দুই তারকার ক্ষেত্রেও থাকবে একই নিয়ম।
নেইমার বর্তমানে ইনজুরিতে এবং ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। টানা ড্রতে শীর্ষস্থান হারিয়েছে রিয়াল, আর ভিনির অফফর্ম নিয়ে চলছে আলোচনা। এই পরিস্থিতি তার ২০২৬ বিশ্বকাপ সম্ভাবনাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
স্প্যানিশ গণমাধ্যম এএস–এ প্রকাশিত ‘টিভি রেকর্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন—
“সে (নেইমার) আসলেই এক অসাধারণ প্রতিভা। কিন্তু সে এবং ভিনিসিয়ুস—দু’জনেরই শতভাগ ফিট হতে হবে। যদি ভিনিসিয়ুস ৯০% ফিট থাকে এবং অন্য কেউ ১০০% থাকে—তাহলে আমি ১০০% ফিট খেলোয়াড়কেই ডাকব। বিশেষ করে আক্রমণভাগে প্রতিযোগিতা খুবই তীব্র।”
নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন—
“ইনজুরিগুলো দুর্ভাগ্যজনক। এগুলো তাকে প্রস্তুতির সুযোগ দিচ্ছে না। তবে এখনই তাকে বিশ্বকাপ তালিকা থেকে বাদ দেয়া হচ্ছেনা। এরপরও তাকে অন্য সবার মতোই বিচার করা হবে।”