বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করছে। এমন মন্তব্য করেছেন উত্তর পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিজিবি আউটপোস্ট (বিওপি) উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বলেন, পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি থাকায় নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ক্যাম্পের মাধ্যমে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল সুরুজ আলী ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
স্থানীয়রা নতুন ক্যাম্প স্থাপনে খুশি। রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, “আগে সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় ভয়ে থাকতে হতো। চোরাচালান ও মাদক পাচার হতো। এখন নিরাপত্তা বেড়ে গেছে, শান্তিতে ঘুমাতে পারবো। আমরা খুব খুশি।”