ফরহাদ হোসেন মুরাদ:
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা চালক মো. পাপ্পু শেখকে (২৬) গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর জুরাইন আলমবাগ ও জুরাইন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউসুফ সরদার (৪৫) এবং মো. উজ্জল ওরফে কাঞ্চি (৩০)।
র্যাব জানায়, গত রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইনের কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ‘বাপ্পারাজ ওরফে বাপ্পা’ গ্রুপের সঙ্গে নিহত পাপ্পুর মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বাপ্পা ও তার সহযোগীরা পাপ্পুর ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালায়।
ঘটনার সময় ভুক্তভোগী পাপ্পু তার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আসামিরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে বাপ্পা তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পাপ্পুকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরপরই জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১০। এর ধারাবাহিকতায় সোমবার সকালে জুরাইন আলমবাগ থেকে এজাহারনামীয় আসামি ইউসুফ সরদার এবং দুপুরে জুরাইন রেলগেট থেকে আরেক আসামি উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তারকৃত ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদকসহ ৩টি এবং উজ্জলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে আসছে।