আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। বিশেষ করে ব্যাটিং বিভাগে দারুণ অগ্রগতি দেখিয়েছেন ওপেনার পারভেজ ইমন।
তিন ম্যাচের সিরিজে তিন ইনিংসে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করে নজর কেড়েছেন ইমন। এর সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৩৮তম স্থানে। সিরিজে দুই ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহীদ হৃদয়ও পিছিয়ে নেই; তিনি ৫ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।
বোলিং বিভাগেও সুখবর এনেছেন টাইগাররা। সিরিজজুড়ে চমৎকার ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান ১০ম স্থান থেকে দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৮ নম্বরে। একইভাবে উন্নতি করেছেন অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদী ও লেগস্পিনার রিশাদ হোসেন। তিন ধাপ এগিয়ে মেহেদী উঠেছেন ১৪তম স্থানে, আর রিশাদ ৫ ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে।
এদিকে নাসুম আহমেদও পিছিয়ে নেই। বাঁহাতি স্পিনারটি র্যাঙ্কিংয়ে ৫ ধাপ অগ্রগতি পেয়ে এখন আছেন ২৫তম স্থানে।
বাংলাদেশের সিরিজ জয়ের ধারাবাহিকতায় আইসিসি র্যাঙ্কিংয়ে এমন উত্থান ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।