আশরাফুল আলম, ঢাকা:
৪ ডিসেম্বর ২০২৫ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে মানব সেবা পরিচালনা করছেন। ডিপ্লোমা সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার হিসেবে ১০ম গ্রেড এখনও বাস্তবায়িত হয়নি। অন্যদিকে অন্যান্য কোর্স ধারীরা ইতিমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তারা জানান, ১০ম গ্রেডের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার উপস্থাপনা করা হলেও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও বিভিন্ন উদ্দেশ্যের কারণে বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।
এ পরিস্থিতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কার্যক্রম সীমিত রাখার ঘোষণা দিয়েছেন।
তাদের দাবি, ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বৈষম্য দূর হবে এবং তারা আরও উৎসাহ ও দায়িত্ব নিয়ে জনসেবা চালিয়ে যেতে পারবেন।