সরবরাহ বাড়লেও বাড়তি শীতকালীন সবজির দর, বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন

Date: 2025-12-05
news-banner

ভোজ্যতেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা। বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। চড়া, চাল-ডালসহ মসলার দরও। রমজানের আগে নিত্যপণ্যের বাজারের এমন দশায় ক্ষুব্ধ ক্রেতারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে এই মুহূর্তে নতুন টেনশনের নাম সয়াবিন তেল। হঠাৎ করে দাম বেড়েছে লিটারে ৯ টাকা। এটিকে বাণিজ্য মন্ত্রণালয় অযৌক্তিক বললেও, তাতে কি আদৌ কিছু যায় আসে। ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সেই বর্ধিত দামেই। তার মানে সরকার ব্যবসায়ীদের দাম কমানোর আহ্বান জানালেও, কেউ কথা রাখেনি।

অথচ ক'দিন আগেও ১৮৯ টাকা লিটারে যে তেল মিলেছে এখন তা কিনতে হচ্ছে প্রায় ২শ টাকায়। সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে সীমিত ও মধ্য আয়ের মানুষ।

দোকানিদের অভিযোগ, লাভের গুড় খাচ্ছেন করপোরেট বেনিয়ারা। আগের মতোই লিটারে সেই ৫ টাকাই লাভ করছেন তারা।

এদিকে, চালের বাজারে দুর্দিন থামছে না। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। কিন্তু দেশের বাজারে এখনও চড়া। সরু চালের জন্য গুনতে হবে ৭০ থেকে ৮৫ টাকা। আবার ভাতের সাথে যে আরামে একটু ডাল খাবেন সে জো নেই। কেননা দেশি মসুরের এখন দেড়শ টাকা। ছেড়ে কথা বলছে না আটা-ময়দাও।

আদা-রসুনের পাশাপাশি মসলার বাজারেও উর্ধ্বগতির খবর মিলছে। রোজার আগেই এমন দশা। তাহলে, রমজান শুরু হলে কিভাবে টিকে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ।

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মুলাসহ বিভিন্ন ধরনের শীতের সবজি আসতে শুরু করেছে। দিনদিন সবজির সরবরাহও বাড়ছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় সবজির দাম এখনো বেশি।

বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধা কপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, এ ছাড়া প্রতি কেজি বেগুন (গোল) ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। এ বছর দীর্ঘ সময় ১৮-২০ টাকা দরে আলু বিক্রি হয়েছে। মাসখানেক হয় আলুর দাম কিছুটা বেড়েছে।

এদিকে বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা ও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে।

Leave Your Comments