'এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের ওপর'

Date: 2025-12-06
news-banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আমীর খসরু আরও বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান।

তিনি বলেন, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনও শেষ হয়নি। সংলাপ-আলাপ সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা ও সংলাপ চলতে থাকবে। দেশের নির্বাচন প্রক্রিয়া এখনো চলমান এবং পুরো জাতি নির্বাচনের দিকে এগোচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাকস্থলির জটিলতার কারণে শুক্রবার তার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ দেখা দিলেও পরে তা নিয়ন্ত্রণে আসে

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে, শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার দুই দফায় তিনি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান।

এ পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত ডাক্তারদের পরামর্শ ও পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলের নেতৃত্ব এবং নির্বাচনী প্রস্তুতি সমন্বিতভাবে এগোচ্ছে।

Leave Your Comments