একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন আর আগের মতো দেখা যায় না অভিনেত্রী কুসুম শিকদারকে। দীর্ঘদিনের অন্তরালে থাকার পর ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরেছেন তিনি। তবে সম্প্রতি আবারও কিছুটা নীরব হয়ে আছেন।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন এবং নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন কুসুম। অনুষ্ঠানে তিনি জানান, ‘শরতের জবা’ মুক্তির পর মোট ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন তিনি।
কুসুম শিকদার বলেন,
“সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে কাজ করতে পারতাম, হ্যাঁ বলে কাজ শুরু করাও সম্ভব ছিল। তবে আমি একটু খুঁতখুঁতে, একটু পরিপূর্ণতাবাদী মানুষ। প্রস্তাবগুলোর বেশির ভাগ ক্ষেত্রে মনে হয়েছে কাজের কোথাও কোনো ঘাটতি আছে বা নির্মাতারা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।”
ধীরগতির কাজের অভ্যাস সম্পর্কে তিনি আরও বলেন,
“আমি ধীরগতির মানুষ। বিশ্বাস করি, ধীরলয়ে কাজ করলে কাজের মানও ভালো হয়। সিনেমার জন্য এক বছর সময় খুবই কম। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। লেখা ধরলে তো আরও বেশি সময় লাগে। মনমতো গল্প এবং পুরো প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই কাজ করব।”
অভিনেত্রী মনে করেন, পর্দায় নিয়মিত থাকা নয়, বরং ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই সবচেয়ে জরুরি।
এই মনোভাব ও দায়িত্বশীলতার কারণে তিনি কাজের নির্বাচনে যত্নশীল এবং শুধুমাত্র মানসম্মত প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে আগ্রহী।