৭ ডিসেম্বর: বাকেরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

Date: 2025-12-07
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ 

আজ ৭ ডিসেম্বর, বরিশালের বাকেরগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সাহসী সমবেত আক্রমণে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে মুক্ত হয় বাকেরগঞ্জ। সেদিন স্বাধীনতার লাল-সবুজ পতাকায় ছেয়ে যায় আকাশ, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় মুক্ত মাটির বাতাস।

মুক্তিযুদ্ধের সময় বাকেরগঞ্জে রাজাকার, আলবদর, আলশামস, পুলিশ ও ইপিআর বাহিনীর মোট ১৭ জন সদস্য নিহত হয় এবং বহু কুখ্যাত সহযোগী মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়। একই সঙ্গে প্রায় চার শতাধিক নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে হানাদাররা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য ঘরবাড়ি, অগণিত নারী হন নির্যাতনের শিকার। কলসকাঠী, শ্যামপুর, গারুড়িয়া ও দূর্গাপাশাসহ বেশ কিছু এলাকায় চালানো হয় ভয়াবহ হত্যাযজ্ঞ।

মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী ঐতিহাসিক কলসকাঠীসহ বিভিন্ন স্থানের স্মৃতিস্তম্ভগুলো আজও সেই বেদনাবহ ইতিহাস বহন করে আছে। এসব স্মৃতিচিহ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাদের হাওলাদার জানান, সকাল সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে ৯টায় বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave Your Comments