ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার (৭ ডিসেম্বর) এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলিত হয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা করেছে। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “২৪ এর পরে গত দেড় বছরে আমাদের অনেক জায়গায় হতাশা দেখা দিয়েছে। সংস্কারের পক্ষে আমরা আজ তিন দল একত্রিত হয়েছি। এটা কেবল নির্বাচনী জোট নয়, এটা রাজনীতিক জোটও। আগামী নির্বাচনে আমরা এক মার্কায় একসঙ্গে অংশ নেব।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ধর্ম বা গায়ের জোরের ভিত্তিতে কেউ জয়ের আশা করলে তারা সফল হবে না।”
এবিপি’র চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা তিন দল হাতে হাত মিলিয়েছি। তরুণদের প্রত্যাশা পূরণে এই জোট গুরুত্বপূর্ণ।”
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম জানান, “আমরা তিন দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে শুধু এই তিন দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না। ২৪-এর অভ্যুত্থান টিকবে কি না, তা সংস্কারের বাস্তবায়নের ওপর নির্ভর করছে।”