নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, চারটি ছোরা, একটি সুইচগিয়ার চাকু এবং এক কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় রাজ্জাক (৪৫) ও তার ছেলে ওয়াসিম (২২)-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর আসে যে পূর্ব ইসদাইর এলাকার একটি ঘরে একজনকে আটক করে রাখা হয়েছে। এরপর এসআই মোঃ কামরুজ্জামান ঈগল–২ টিম রাত ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল উদ্ধার করেন।
পরবর্তীতে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান ও পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে আরও তল্লাশি চালানো হয়। রাজ্জাকের দখলে থাকা ঘর থেকে আরও দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, খেলনা পিস্তল, ছোরা, দা এবং এক কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রাজ্জাকের নামে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।