জুলাই–আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ এবং একই অভিযোগে পৃথক অপর এক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।
সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে সাক্ষ্য উপস্থাপন করা হবে।
গত ২৫ নভেম্বর হানিফের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওইদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার ঘটনা, সাক্ষীর তালিকা, অডিও–ভিডিও এবং পত্রপত্রিকায় প্রকাশিত প্রমাণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
হানিফ ছাড়াও এ মামলার অন্য তিন আসামি হলেন:
-
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান
-
জেলা সাধারণ সম্পাদক আজগর আলী
-
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা
মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এর মধ্যে রয়েছে শহীদ পরিবারের ৮ জন, প্রত্যক্ষদর্শী ৮ জন, আহত ৮ জন, আন্দোলনে অংশগ্রহণকারী ৬ জন, পুলিশ ১ জন, সাংবাদিক ১ জন, জব্দতালিকা ২ জন, বিশেষজ্ঞ ২ জন এবং বিশেষ ও মূল তদন্ত কর্মকর্তা ২ জন।
২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনায় ৫ আগস্ট পর্যন্ত ছয়জন শহীদ হন—শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন। তদন্ত শেষে এ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ এবং ইনুর বিরুদ্ধে ছয় হত্যাসহ মোট আটটি অভিযোগ আনা হয়।
অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ আজ চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের পর আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের শুনানিও আজ অনুষ্ঠিত হবে। তিনি এর আগে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
একইসঙ্গে জুলাই হত্যা মামলায় আনিসুল হক, দিপু মনি, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদারসহ আওয়ামী লীগের ১৮ জন সাবেক মন্ত্রী–এমপি ট্রাইব্যুনালে হাজির আছেন।