নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে এক যুবতীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ ডালিম (৩৭)–কে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার দারুসসালাম থানার লালকুঠি এলাকায় র্যাব-১১ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
অভিযোগসূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজের নিচে ভিকটিমের সঙ্গে ডালিমের পরিচয় হয়। ডালিম তাকে চাকরির প্রলোভন দেখায় এবং ১ ডিসেম্বর মদনপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। পরদিন সকাল ১০টায় সেখানে পৌঁছালে ডালিম ভিকটিমকে মারুফ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। চাকরির ইন্টারভিউয়ের কথা বলে মারুফ তাকে মদনপুরের একটি গেস্টহাউসে নিয়ে যায়।
কিছুক্ষণ পর ডালিম ও মারুফ গেস্টহাউসে প্রবেশ করে ভিকটিমকে উজ্জ্বল (৪৮) নামের ব্যক্তির সঙ্গে ‘স্যার’ পরিচয়ে পরিচয় করিয়ে দেয়। সেখানে ভিকটিমকে উচ্চবেতনের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হলে মারুফ ও উজ্জ্বল মিলে তাকে জোরপূর্বক আটকে রাখে। পরে ডালিম ও মারুফ মিলে তাকে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করতে চাইলে ভয়ভীতি দেখানো হয় এবং ধর্ষণের পর তাকে গেস্টহাউস থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পর ভিকটিম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
মামলার তদন্তে র্যাব-১১ সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে এবং র্যাব-৪-এর সহযোগিতায় ঢাকা থেকে প্রধান আসামি ডালিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডালিমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।