শেরপুর প্রতিনিধি, তৌহিদুর রহমান:
শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদের টেকসই ব্যবহার শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের বনবিভাগের আওতায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এবং বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব সাবভীনা মনির চিঠি (বাংলাদেশ জাতীয় কমিশন ফর ইউনেস্কো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, প্রোগ্রাম অফিসার তৌহিদ মিয়া, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, ফরেস্ট রেঞ্জার মো. তোহিদুল রহমান, স্থানীয় বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ, সুফল কর্মসূচির নেতৃবৃন্দ, ইআরটি সদস্য, শিক্ষক ও সাংবাদিকসহ ৩৫ জন অংশগ্রহণকারী।
বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ শুধুমাত্র সরকারি সংস্থার দায়িত্ব নয়; এটি স্থানীয় জনগোষ্ঠীসহ সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নযোগ্য একটি জাতীয় দায়িত্ব।
টেকসই বন ব্যবস্থাপনা, কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সমন্বয়ের মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
প্রশিক্ষণকালে উপস্থিতরা সকলকে গাছ কাটা, অবৈধ শিকার এবং বনজ সম্পদের অপব্যবহার বন্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।