বন্দরে একাধিক মামলার আসামি সন্ত্রাসী “টিকটিকি” শাহ আলম গ্রেফতার

Date: 2025-12-09
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুশিয়ারা উত্তরপাড়ার একাধিক মামলার আসামি এবং ডিবি ও থানা পুলিশের কথিত সোর্স পরিচয়দানকারী শাহ আলমকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।


ধৃত শাহ আলম (৪৫) কুশিয়ারা উত্তরপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফের নেতৃত্বে এসআই বিরাজ ও এসআই তাইজুল ইসলাম অভিযান পরিচালনা করে বন্দর উপজেলাধীন তিনগাও এলাকা থেকে শাহ আলমকে আটক করেন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে শাহ আলম ১২ ফুট উচ্চতার দেয়াল টপকাতে গিয়ে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন্দর থানায় নিয়ে যাওয়া হয়।


এর আগে শাহ আলমের বিরুদ্ধে কুশিয়ারা এলাকায় মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় যুবক সাব্বিরকে সুইচ গিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা চেষ্টার একটি মামলা দায়ের হয়েছিল (মামলা নং: ৪ (৩/১১/২৫))। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা, অভিযোগ ও জিডি রয়েছে।


বন্দর থানায় মামলা দায়েরের পর শাহ আলম বাদী সাব্বিরের পিতা আশাব উদ্দিনকে বিভিন্ন স্থানে প্রাণ নাশের হুমকি প্রদান করত বলে অভিযোগ করা হয়।


বন্দর ফাঁড়ি পুলিশ অভিযানকে কার্যকর ও দক্ষভাবে পরিচালনার মাধ্যমে সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Leave Your Comments