আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং ব্র্যাক বরিশালের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালি শেষে সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত হয় “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি।
পরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকজন অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে সারাদিন ধরে ছিল উৎসবমুখর পরিবেশ।