নারায়ণগঞ্জে ফেসবুক কমেন্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

Date: 2025-12-09
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি :


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে অশালীন মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ সংঘর্ষ হয়।


আহতদের মধ্যে ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয়রা জানান, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান “রূপগঞ্জ মানবাধিকার সংস্থা”-র সদস্য হন। বিষয়টি নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করলে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম সেই পোস্টে অশালীন মন্তব্য করেন।


এ নিয়ে রাত ১১টার দিকে সাকিবুল ও মাহিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে গভীর রাতে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুলসহ পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।


রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষের প্রায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধেই মামলা করা হবে।

Leave Your Comments