নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে অবস্থিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রদূত বিএম ডিপোতে বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি অত্যাধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশবান্ধব অপারেশনাল পদ্ধতি, এবং প্রযুক্তিভিত্তিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতার ব্যাপক প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় একটি অংশ পরিচালনায় বিএম কন্টেইনার ডিপো দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। নিরাপত্তা, অটোমেশন, রিয়েল-টাইম মনিটরিং এবং দক্ষ মানবসম্পদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ–নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য, লজিস্টিক সেবা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত করবে।
পরিদর্শনে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নেদারল্যান্ডসের ভারত–বাংলাদেশ–শ্রীলঙ্কার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ক্যাপ্টেন জর্ডি ক্লেইন এবং ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার মুন্নুজান খানম।
প্রতিনিধিদলকে স্বাগত জানান স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান খাঁন। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনা, বর্তমান সক্ষমতা, নিরাপত্তা অবকাঠামো, অটোমেশন ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খাঁন, ডিজিএম মোহাম্মদ নুরুল আক্তার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ হাসান তারেক, ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।