স্বর্ণময় সুর , জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনসূচি প্রকাশ করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা গ্রহণ চলবে। এরপর ২১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে ভোটগ্রহণ শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—
অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ),সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর (আইন বিভাগ),সহকারী অধ্যাপক আয়শা জাহান (লোক প্রশাসন বিভাগ) এবং
সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক (ইসলামিক স্টাডিজ বিভাগ)।
নবগঠিত নির্বাচন কমিশন ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি, এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।