বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

Date: 2025-12-12
news-banner

মো. মোমিন জাদরান 


বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় শিক্ষা উদ্যোগ ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’ রাজশাহীর দুর্গাপুরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।


রাজশাহী জেলা পূর্বের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রকল্পের সহযোগিতায় বাগমারা, পুঠিয়া, চারঘাট, বাঘা ও দুর্গাপুর—এই ৫ উপজেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন দুর্গাপুর কলেজ কেন্দ্রের কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক মো. জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব, এইচআরডি সম্পাদক মোখলেসুর রহমান, সহ-পরিচালক মুক্তাদির মাহমুদ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।


পরীক্ষা শুরুর আগে বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন—


“এই পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে। মেধা ও নৈতিকতার বিকাশ, পাঠ্যাভ্যাস তৈরি এবং ছাত্রকল্যাণমূলক কাজে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”


তিনি আরও বলেন—


“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ কার্যক্রম, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান—এসব মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”


পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আয়োজক কমিটি—সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টিতে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ রাজশাহী জেলায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আন্দোলনে পরিণত হয়েছে।

Leave Your Comments