ফরহাদ হোসেন মুরাদ:
রাজধানীর ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবিস্ফোরিত এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে র্যাব-১০, সিপিসি-১ (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ৫ আগস্ট ২০২৪-এ ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এসব লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও নাশকতারোধে র্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।