নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী শাহ আলম গ্রেপ্তার।

Date: 2025-12-14
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১১০ বোতল ফেন্সিডিলসহ শাহ আলম (৩৩) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী শাহ আলম নয়াআটি মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়াসিম আকরাম জানান, গোপন সূত্রে জানা যায় মুক্তিনগর এলাকার আরিফ হোসেনের স্যানিটারি কারখানার সামনে মহাসড়কে একজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শাহ আলম পালানোর চেষ্টা করে; পরে কৌশলে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার হাতে থাকা সাদা বস্তা থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন,
“গ্রেপ্তারকৃত শাহ আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেল্টারদাতা ও সরবরাহকারী সিন্ডিকেট উদ্ঘাটনে তদন্ত দাবি:

স্থানীয় সচেতন মহল মনে করছে এ ধরনের মাদক কারবার একা পরিচালনা করা সম্ভব নয়।

তাই মাদক ব্যাবসায়ী শাহ আলম কার শেল্টারে এত বড় পরিমাণ মাদক সংগ্রহ করছিল, কারা তাকে আশ্রয়-সহায়তা দিচ্ছে এবং কার কাছ থেকে মাদক সংগ্রহ করেছে এসব তথ্য উদ্ঘাটনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া গ্রেপ্তারকৃতের মোবাইল নম্বর, কল লিস্ট ও যোগাযোগের নেটওয়ার্ক বিশ্লেষণ করে মাদকের মূল ডিলার, সরবরাহকারী এবং পেছনের পুরো সিন্ডিকেট শনাক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, র‍্যাব-১১ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে,
“শুধু বাহক বা মাঠপর্যায়ের কারবারিকে ধরলে সমস্যার সমাধান হবে না।

কারা এসবকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের শনাক্ত করা জরুরি।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃত শাহ আলমের নেটওয়ার্ক ও উৎস সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অব্যাহত থাকবে।

Leave Your Comments