এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত বিটিআরসি'র

Date: 2025-12-15
news-banner

অবৈধ হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম চালুর সময় পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পূর্বঘোষিত ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম কার্যকর হবে।


সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত হ্যান্ডসেটের আইএমইআইসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল সোমবার। তবে অনেক ব্যবসায়ী এখনো এসব তথ্য দাখিল করেননি।


এ অবস্থায় বৈধ হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সময় দিতে এনইআইআর চালুর সময়সীমা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, এই সময়ের মধ্যে মোবাইল ফোন ব্যবসায়ীরা নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফাইল ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্ধারিত ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।


নির্ধারিত সময় শেষে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হলে অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছে কমিশন।

Leave Your Comments