উন্নয়ন ও নির্বাচন ঘিরে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

Date: 2025-12-15
news-banner


আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৫ ডিসেম্বর, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিন উদ্দিন।

কর্মশালায় জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এসব অপতথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনিয়ম বা অসংগতি থাকলে তা দায়িত্বশীলভাবে তুলে ধরার কথাও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। মুক্ত আলোচনায় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন সংবাদ পরিবেশনের কৌশল এবং জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত উঠে আসে।

Leave Your Comments