বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, মোদির বার্তায় বাংলাদেশের স্বাধীনতা জন্য লড়াইয়ের কোন বিষয় উল্লেখ নেই পোস্টে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।
নরেন্দ্র মোদি তার স্ট্যাটাসে লেখেন, 'আমরা বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করি; যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা ও অটুট সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করে দিয়েছে।'
মোদী পোস্টে আরও লিখেছেন, 'এই দিনটি তাদের বীরত্বের প্রতি স্যালুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক। তাদের এই বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে।'
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। যুদ্ধের শেষ দিকে, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়। মূলত, সেই কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে।
কিন্তু এবারের বিজয় দিবসের শুভেচ্ছাবার্তায় মোদি শুধুমাত্র ভারতীয় সেনাদের বীরত্ব এবং দেশটির সুরক্ষার বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। তবে, সেই পোস্টে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের কোনো প্রসঙ্গ পোস্টে উল্লেখ করা হয়নি।