আন্ডারওয়াটার ড্রোন হামলায় রাশিয়ার সাবমেরিন নিষ্ক্রিয় করার দাবি ইউক্রেনের

Date: 2025-12-16
news-banner

কৃষ্ণ সাগরে আন্ডারওয়াটার ড্রোন হামলায় রাশিয়ার একটি সাবমেরিন নিষ্ক্রিয় করার দাবি করেছেন ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, হামলাটি চালানো হয় ‘সাব সি বেবি’ নামের একটি আন্ডারওয়াটার ড্রোন সিস্টেম ব্যবহার করে। সংস্থাটির দাবি, হামলার পর সাবমেরিনটি কার্যত যুদ্ধক্ষমতা হারিয়েছে।

রুশ সামরিক টেলিগ্রাম চ্যানেল মিলিটারি ইনফরম্যান্ট জানিয়েছে, ড্রোনটি সাবমেরিনের পেছনের অংশে আঘাত হানে, যেখানে প্রপেলার ও রাডার রয়েছে। সরাসরি মূল কাঠামোতে আঘাত না লাগলেও, এসব স্পর্শকাতর অংশ ক্ষতিগ্রস্ত হলে সাবমেরিনটি দীর্ঘদিন অচল থাকতে পারে।

ইউক্রেনের হিসাবে, সাবমেরিনটির মূল্য প্রায় ৪শ' মিলিয়ন ডলার। বর্তমানে একই ধরনের নতুন সাবমেরিন নির্মাণে ৫শ' মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে।

যুদ্ধ বিশ্লেষক ওয়েবসাইট দ্য ওয়ার জোন বলছে, সাবমেরিনটি যদি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কৃষ্ণসাগর নৌবহরে রাশিয়ার হাতে থাকবে মাত্র চারটি কিলো-শ্রেণির সাবমেরিন।

এই হামলা এমন এক সময়ে হয়েছে, যখন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা চলমান। একই সঙ্গে মস্কোর ওপর চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে রুশ তেল শোধনাগার এবং তথাকথিত ‘শ্যাডো অয়েল ফ্লিট’-এর ট্যাংকারে হামলা জোরদার করেছে ইউক্রেন।


Leave Your Comments