দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ২৫

Date: 2025-12-16
news-banner

ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উত্তর প্রদেশের মথুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এরই মধ্যে একের পর এক সাতটি বাস ও তিনটি প্রাইভেটকার পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।


দুর্ঘটনার সময় অনেক যাত্রী যানবাহনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। পরে তারা আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়।


উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই ঘন কুয়াশার কারণে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতেও প্রায় ২০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারাবাহিক এসব দুর্ঘটনায় শীতকালীন কুয়াশায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


কর্তৃপক্ষ কুয়াশাচ্ছন্ন এলাকায় যানবাহন চালানোর ক্ষেত্রে গতি সীমিত রাখা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Leave Your Comments