মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছিল, তা বিগত বছরগুলোতে স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।”
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। লাখো শহীদ ও অসংখ্য বীর যোদ্ধার ত্যাগের বিনিময়ে আমরা পাই স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য যুগে যুগে লড়াই-সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান আমাদের অনুপ্রেরণা যোগায়। তাদের সাহস এবং দৃষ্টান্তই আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি এবং সকল সংকট-সংগ্রামে মুক্তির পথ দেখায়।
প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, তা দেশের উন্নয়ন ও সুশাসিত ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছে। দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা আজ সেই সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি।”
ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ দেশের সকল স্তরের মানুষকে জাতীয় ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান হিসেবে মনে করা হচ্ছে।