অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশে জনশক্তি রফতানিতে দালালদের প্রতারণাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন, বিদেশগামীদের দালালদের হাত থেকে রক্ষা করতে হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না। পুরো জগৎটাই দালাল বেষ্টিত।”
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে বাংলাদেশের অভিবাসনপ্রার্থীদের কাগজপত্রকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে, ফলে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। প্রধান উপদেষ্টা বলেন, “পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে। বাংলাদেশে রয়েছে তরুণদের খনি, যা সোনার চেয়েও দামী। এদেরকে কাজে লাগাতে হবে এবং সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবে।”