খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত | নিয়োগ পেলেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা

Date: 2025-12-17
news-banner

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা জোরদার করতে নতুন করে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে দলটি। এই দায়িত্বে নিয়োজিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।


বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব বিষয় তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।


এদিকে বিএনপির রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে তিনি লন্ডন থেকে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলের ভেতরে ব্যাপক প্রস্তুতি ও আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি, যার অংশ হিসেবেই প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ও শীর্ষ নেতাদের নিরাপত্তা পুনর্বিন্যাস আগামী দিনের বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave Your Comments