তাছলিমা তমাঃ
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিয়া খানমের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগ এনে লিখিতঅভিযোগ করেছেন রায়হান ইসলাম নামে এক যুবক। অভিযোগে তিনি দাবি করেন, প্রতারক রিয়া খানম নামের এক নারী ও তার সহযোগী তারিক আহমেদ তারিক দীর্ঘ দিন যাবৎ পরিকল্পিতভাবে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে আসছেন।
ভুক্তভোগী রায়হান ইসলাম জানান, তিনি উত্তরায় মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ দিন সততা ও সুনামের সহিত জড়িত আছেন। অভিযুক্তরাও তার সাথে কর্মরত থাকার সুবাদে তারা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানের অগোচরে বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আদায় করে। বিষয়টি অফিস কর্তৃপক্ষ জানতে পারলে অভিযুক্তদের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে আর যুক্ত থাকবে না—মর্মে একটি লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়।
কিন্তু অভিযোগ অনুযায়ী, অঙ্গীকারনামা দেওয়ার পরও অভিযুক্তরা পুনরায় প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে যায়। এক পর্যায়ে একজন ভুক্তভোগীর কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য বারবার অনুরোধ জানালেও অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা ধরনের ভয়ভীতি, মানহানিকর হুমকি এবং ব্ল্যাকমেইলে জড়িয়ে পড়ে।
রায়হান ইসলামের অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার প্রতিষ্ঠানের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে এবং নগদ অর্থ দাবি করছে। এতে তার ব্যক্তিগত সম্মান ও প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ন্যায়বিচারের আশায় উত্তরা পশ্চিম থানার দ্বারস্থ হয়েছি।”
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জনতে রিয়া গংদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।