শাহ্ আলমঃ
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় সামাজিক সংগঠন ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ)-এর উদ্যোগে “জাতি গঠনে নারীর ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ ২.০” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছওয়াবের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামানের সঞ্চালনায় এবং চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ড. নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমুন নাহার বলেন, সমাজে মূল্যবোধের ঘাটতির কারণে নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে নারীরা আজ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না। দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক কাঠামোর অভাবে নারীরা সমাজ ও কর্মক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। তিনি কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট কূটনীতিক খন্দকার আব্দুস সাত্তার। তিনি বলেন, নারীর নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করা প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে, এমনকি একজন গৃহপরিচারিকাকেও সম্মান ও মর্যাদার সঙ্গে বিবেচনা করতে হবে। নারীরা মায়ের জাত—এই উপলব্ধি সমাজে প্রতিষ্ঠিত হলে নারীদের প্রতি কোনো অপ্রীতিকর আচরণ থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (গবেষণা ও প্রকাশনা) ড. আফরোজা বুলবুল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর ফেলো ড. মুমতাহিনা, সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগমসহ অন্যান্য বক্তারা।
সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কিন্তু সমাজে তার যথাযথ বাস্তবায়ন হয়নি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের ওপর যৌক্তিক চাপ প্রয়োগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন, জেনারেল ম্যানেজার (এমএফপি) আবুল হাসান, ম্যানেজার (ফান্ডরেইজিং) শেখ মহিদ মোস্তফা, সিনিয়র অফিসার মো. বোরহান উদ্দিনসহ ছওয়াবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।