ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম ফের শুরু

Date: 2025-12-18
news-banner

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক)-এর কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী ভিসা সংক্রান্ত সব সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।


হাইকমিশন সূত্র জানায়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আবেদনকারী ও সেবাপ্রার্থীরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ভিসা আবেদন, কাগজপত্র জমা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারছেন।


এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কথিত খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় ‘প্রক্সি’ রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’। এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক অবস্থান এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরদিনই ভিসা সেন্টারটি পুনরায় চালু করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে, একই দিন ভিসা সেন্টার বন্ধের ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যাখ্যা জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা বাংলাদেশে ভারতীয় নাগরিক, কূটনৈতিক মিশন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের ভিসা সংক্রান্ত দুর্ভোগ আপাতত কমেছে বলে মনে করা হচ্ছে।

Leave Your Comments