হাজারীবাগে হোস্টেলে মিলল এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ

Date: 2025-12-18
news-banner

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়


পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন এবং ওই ছাত্রী হোস্টেলেই থাকতেন।


হাজারীবাগ থানা পুলিশ জানায়, সকালে হোস্টেলের অন্যান্য বাসিন্দারা তার কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে জান্নাতারা রুমীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তখনই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।


পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি দলের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাজারীবাগ থানার একজন কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।


এ ঘটনায় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments