নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

Date: 2025-12-18
news-banner

বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে মিরপুরে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাগত কারণে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন স্থগিত করেছে বিসিবি।

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পায়নি বিসিবি। আয়োজকদের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। কিন্তু সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপিএলের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এখনও সরকারি অনুমোদন না পাওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিপিএল সংশ্লিষ্ট বোর্ডের এক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের অনুমতি ছিল। কিন্তু গত চার-পাঁচ দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এ কারণেই আমরা এখন সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি। অর্থাৎ বর্তমান পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি নাও মিলতে পারে।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। ৬ দল নিয়ে তিন ভেন্যুতে হতে যাচ্ছে এবারের আসরটি। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আগেই জানানো হয়েছিল, ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে টুর্নামেন্ট। যদিও বিসিবি আশাবাদী যে নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরু করা যাবে।

Leave Your Comments