বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে নিয়মিত ও যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে চলতে থাকলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের বিষয়ে তিনি বলেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আপাতত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. জাহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার বয়স এবং দীর্ঘদিনের নানা জটিল শারীরিক সমস্যার কারণে তার চিকিৎসা প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং। বিগত সময়ে পরিকল্পিত ও ধারাবাহিক চিকিৎসা না পাওয়ার ফলে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। সে কারণেই বর্তমানে তাকে কিছুটা কঠিন সময় পার করতে হচ্ছে। তবে চিকিৎসকরা আশাবাদী যে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে।
ব্রিফিংয়ে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রয়েছেন।