ভোটের মাঠে ঝালকাঠি অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির, ভোটের হিসাব পাল্টাতে পারে ইসলামি দলগুলো

Date: 2025-12-18
news-banner



আবু জাফর বিশ্বাস,  বরিশালঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই ঝালকাঠি জেলায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। নদী-খালবেষ্টিত এই জেলার দুইটি সংসদীয় আসনে ভোটারদের প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে নদীভাঙন রোধ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও সড়ক অবকাঠামো উন্নয়ন। দুই আসনেই বিএনপির শক্তিশালী প্রার্থী থাকলেও দলটির অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসলামি দলগুলোর সক্রিয় উপস্থিতি ভোটের অঙ্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া)

রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসন। ২০০১ সালে বিএনপি জয়ী হলেও ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি।

এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে। তবে তাঁকে ঘিরে দলীয় ভেতরে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি নেতা গোলাম আযম সৈকত অভিযোগ করেন, রফিকুল ইসলাম জামাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যা দলীয় আদর্শের পরিপন্থী। যদিও এসব অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম জামাল বলেন, একটি সামাজিক অনুষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

এই আসনে শরিক দল বাংলাদেশ লেবার পার্টি বিএনপির মনোনয়ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান জানান, জোটগত সমন্বয়ের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হওয়ায় রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। তিনি নিজেই এই আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ইসলামি দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ফয়জুল হক। তিনি বলেন, ‘জনগণ সত্য ও দেশপ্রেমের পক্ষে ভোট দেবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী মাওলানা ইব্রাহীম আল হাদি নদীভাঙন রোধ ও বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার করেছেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি নুরুল্লাহ আশরাফী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ডা. মাহমুদা আলম মিতু, জেএসডি থেকে সোহরাব হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে ডা. পি কে মিত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

ভোটারদের মধ্যেও প্রত্যাশার কথা উঠে আসছে। তরুণ ভোটার মো. রাসেল হাওলাদার বলেন, ‘কর্মসংস্থান ও কারিগরি শিক্ষাই এখন সবচেয়ে জরুরি।
নবীন ভোটার তানিয়া আক্তার বলেন, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি)

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ২০০১ সালে বিএনপি জয়ী হলেও ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু নির্বাচিত হন।

এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে। তবে তাঁর মনোনয়ন ঘিরে দলের ভেতরে বিরোধ স্পষ্ট। দলের একটি অংশ নান্নু, জিবা বা শাহাদাৎ হোসেনকে প্রার্থী করার দাবি তুললেও শেষ পর্যন্ত ইলেন ভুট্টোর মনোনয়ন বহাল থাকে। এতে কিছু নেতা-কর্মী এখনো সরাসরি প্রচারে যুক্ত হননি।

ইলেন ভুট্টো বলেন, আমি কখনো সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলাম না। জনগণের আস্থাই আমার মূল শক্তি।

এই আসনে জামায়াতে ইসলামী থেকে শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ডা. সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ পার্টি থেকে শেখ জামাল হোসেন, গণঅধিকার পরিষদ থেকে মাহমুদুল হাসান সাগর, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ফোরকান হোসেন এবং মো. মারুফ বিল্লাহ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

নবীন ভোটার নাজমুল ইসলাম সাজিদ বলেন, এলাকার সমস্যাগুলো সংসদে তুলে ধরবে—এমন প্রতিনিধিই চাই।

সুশীল সমাজের আহ্বান

নির্বাচন ঘিরে সহিংসতা ও প্রতিহিংসার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সনাক ঝালকাঠির সভাপতি ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, প্রতিযোগিতা থাকবে, তবে সহিংসতার কোনো জায়গা নেই। সব রাজনৈতিক দলের দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

Leave Your Comments